ভারতে ব্যাটারি স্টোরেজ ব্যবসায় চালু করতে চায় টেসলা

২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৫৬  

ভারতের বৈদ্যুতিক গাড়ি বানানোর ইচ্ছা প্রকাশের পর এবার দেশটিতে পাওয়ারওয়াল (ব্যাটারি স্টোরেজ সিস্টেম) উৎপাদন এবং বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। এজন্য উৎপাদন কারখানা গড়তে চেয়ে প্রণোদনা বা ভর্তুকির অনুরোধ জানিয়ে সরকারপক্ষের কাছে প্রস্তাব পেশ করেছে টেসলা।

এই বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স।

বিগত কয়েক সপ্তাহ ধরেই টেসলার কর্তাব্যক্তিরা মোদি সরকারের সাথে ইলেকট্রিক ভেহিকেল কারখানা গড়ে তোলার বিষয়ে কথোপকথন চালাচ্ছে। ভারতে তৈরি টেসলার সেই গাড়ির দাম ২৪,০০০ ডলার বা প্রায় ২০ লাখ রুপি রাখা হতে পারে বলে জানা গেছে। যদিও এখনও এই বিষয়ে ভারতের সরকার বা টেসলা কোনও পক্ষই চূড়ান্ত কিছু ঘোষণা করেনি।

টেসলা তাদের অত্যাধুনিক পাওয়ারওয়াল প্রযুক্তি ভারতে আনতে আগ্রহী। লিথিয়াম আয়ন ব্যাটারি সমন্বিত এই হোম এনার্জি স্টোরেজ সিস্টেম এমনভাবে ডিজাইন করা যাতে দিনের বেলায় সোলার প্যানেল অথবা গ্রিড থেকে এনার্জি স্টোর করে রেখে লোডশেডিং এর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে। অথবা আপৎকালীন পরিস্থিতিতে ব্যাকআপ পাওয়ার হিসাবে কাজ করতে পারে। এক কথায় বিদ্যুৎবিভ্রাট থেকে মুক্তি দেবে পাওয়ারওয়াল সিস্টেম।

ডিবিটেক/বিএমটি